প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 July 2026, 05:26 ইং
চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্বে শিবা সানু ও জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক:
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। জমজমাট এক লড়াই শেষে সভাপতি পদে খলঅভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) ভোরে এফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে। কমিটির সদস্যদের স্বাক্ষরিত বিবরণী অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৫৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। এর মধ্যে ৪৬৩টি ব্যালট বৈধ এবং ১৭টি ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে।
সভাপতি পদে শিবা সানু ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ‘শিবা সানু-জয় চৌধুরী’ এবং ‘আরমান-রুমানা ইসলাম মুক্তি’ এই দুই প্যানেলের মধ্যে।
সহ-সভাপতি: এই পদের দুটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব (সর্বোচ্চ ২৬০ ভোট) ও ইলিয়াস কোবরা (২১৬ ভোট)। তাঁদের প্রতিদ্বন্দ্বী অভিনেত্রী নূতন ২০৪ এবং রোজিনা ১৫২ ভোট পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক: ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত। তাঁর প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।
সাংগঠনিক সম্পাদক: সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট।
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: ২৭২ ভোট পেয়ে জয়লাভ করেছেন এম এ পারভেজ চৌধুরী আবীর। তাঁর প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট।
দপ্তর ও প্রচার সম্পাদক: জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে জয়ী হয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদের অপর দুই প্রতিদ্বন্দ্বী মোসফেকুল জামিল (কাকন) ১১৮ ও ইউসুফ খান ৭২ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ: কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তাঁর প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
কার্যকরী পরিষদের গুরুত্বপূর্ণ ১১টি পদে বিজয়ীরা হলেন— চিত্রনায়ক কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। এদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু।
এর আগে, শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এফডিসিতে বিরতিহীনভাবে (দুপুরের এক ঘণ্টা বিরতি বাদে) চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে গত এক মাস ধরেই চলচ্চিত্র পাড়া মুখরিত ও উৎসবমুখর ছিল। প্রাঙ্গণে তারকাদের আনাগোনা এবং নানামুখী প্রচারণার পর অবশেষে নতুন কমিটি পেলেন চলচ্চিত্র শিল্পীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ