প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 July 2026, 08:55 ইং
যশোর সরকারি এম এম কলেজের বাংলা বিভাগে উৎসবমুখর ‘ফল উৎসব’ অনুষ্ঠিত

কলেজ প্রতিনিধি:
যশোর সরকারি মাইকেল মধুসূদন (এম এম) কলেজের বাংলা বিভাগের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ফল উৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাংলা বিভাগ প্রাঙ্গণে হরেক রকমের দেশীয় মৌসুমী ফলের পসরা সাজিয়ে বর্ণিল এই উৎসবের আয়োজন করা হয়।
এ উপলক্ষ্যে বিভাগের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ভারতী রানী হালদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর এ কে এম রফিকুল ইসলাম।
উৎসবে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আতিয়ার রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাবুদ্দিন, সহকারী অধ্যাপক এইচ এম মুরাদ হুসাইন এবং সহকারী অধ্যাপক মুস্তাফিজুর রহমান।
শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন—কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, ছাত্রশিবিরের আহ্বায়ক আনিছুর রহমান, স্নাতকোত্তরের শিক্ষার্থী ফাহিম আল ফাত্তাহ, অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ বাবুল এবং প্রথম বর্ষের শিক্ষার্থী নাঈম হোসেন প্রমুখ।
অনার্স প্রথম বর্ষের ছাত্রী বৈশাখী খাতুন ও তৃতীয় বর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটিতে বাংলা বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উৎসব প্রাঙ্গণে আম, জাম, কাঁঠাল, আনারসসহ নানা পুষ্টিকর ও দেশীয় ফলের স্বাদ গ্রহণ করেন আমন্ত্রিত অতিথি ও সাধারণ শিক্ষার্থীরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ