প্রিন্ট এর তারিখঃ Jul 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 July 2026, 09:02 ইং
যশোরে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে তরুণ আটক, জব্দ চাপাতি ও ইলেকট্রনিক ডিভাইস

স্টাফ রিপোর্টার :
যশোরে উগ্রবাদে সম্পৃক্ত থাকার অভিযোগে তাহসীন ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার কিসমত নোয়াপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক তাহসীন ওই এলাকার ওহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তাহসীনের ঘরে তল্লাশি চালিয়ে একটি চাপাতি, তারসহ বেশ কয়েকটি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিরাজুল ইসলাম জানান, রাজধানীর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে দায়ের করা একটি মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। আটক তাহসীনের বিরুদ্ধে পূর্বে একটি ডাকাতি মামলাও রয়েছে, যেখানে তিনি ৩ নম্বর এজাহারনামীয় আসামি।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তরুণ আলোচিত ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামে একটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। তবে তার দেওয়া তথ্য অনুযায়ী, যশোরে এই সংগঠনটির কোনো সক্রিয় সদস্য বা সাংগঠনিক কার্যক্রম নেই।
প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতেই তাহসীন ইসলামকে ঢাকার সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে গত ৫ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সমবেত হওয়ার সন্দেহে ছয় যুবককে আটক করে পুলিশ। সে সময় সিটিটিসি জানিয়েছিল, তাদের তদন্তে একটি বিশেষ নেটওয়ার্কের কার্যক্রমের তথ্য পাওয়া গেছে এবং বিষয়টি নিয়ে কাজ চলছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতে, ‘ফাতাহ কমব্যাট সিস্টেম (এফসিএস)’ নামের এই সংগঠনটি মূলত মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তরুণদের উগ্রবাদে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। পুরো বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ