প্রিন্ট এর তারিখঃ Jul 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 11 July 2026, 04:29 ইং
প্রতিমন্ত্রী অমিতের নির্দেশে যশোরে পানিবন্দী পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরণ

যশোর প্রতিনিধি:
টানা রেকর্ড বর্ষণে যশোর পৌরসভার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়া অসহায় মানুষের মাঝে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার (১০ জুলাই) প্রতিমন্ত্রীর নির্দেশনায় জেলা ও নগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ প্লাবিত এলাকার বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা পৌঁছে দেন।
জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত অবিরাম নজিরবিহীন ভারী বর্ষণের ফলে যশোর পৌরসভার সিংহভাগ এলাকা তলিয়ে যায়। বিশেষ করে নিচু অঞ্চলের হাজার হাজার মানুষ আকস্মিক পানিবন্দী হয়ে পড়েন। এতে শহরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ ব্যাহত হয় এবং অনেকের পক্ষেই রান্নাবান্না ও খাদ্যের সংস্থান করা কঠিন হয়ে পড়ে।
পৌরবাসীর এই চরম দুর্ভোগের খবর পেয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাৎক্ষণিকভাবে দলীয় নেতাকর্মীদের পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর এবং দ্রুত খাদ্যের সংস্থান করার নির্দেশ প্রদান করেন। প্রতিমন্ত্রীর সেই নির্দেশনা মোতাবেক শুক্রবার বিকেল থেকেই রান্না করা খাবার নিয়ে প্লাবিত এলাকার মানুষের দরজায় হাজির হন দলীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ জানান, যশোর পৌরসভার রায়পাড়া, শংকরপুর, বেজপাড়া আনসার ক্যাম্প এলাকা, টিবি ক্লিনিক মোড়, খড়কি ও আদর্শপাড়াসহ তীব্র জলাবদ্ধতায় আক্রান্ত সকল এলাকার মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়।
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন নিজে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পানিবন্দী এলাকার মানুষের মাঝে এই তৈরি খাবার বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
খাবার বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, বিএনপি নেতা ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা শাহজাহান বাবু ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ