প্রিন্ট এর তারিখঃ Jul 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 July 2026, 14:23 ইং
নানা আয়োজনে যশোরে পালিত হবে ‘জুলাই শহিদ দিবস’ ও ‘গণ-অভ্যুত্থান দিবস’: জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, যশোর
নানা গৌরবময় ও স্মরণীয় আয়োজনের মধ্য দিয়ে যশোরে ‘জুলাই শহিদ দিবস’ ও ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবনের ‘অমিত্রাক্ষর’ সভা কক্ষে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দিবসের কর্মসূচি বাস্তবায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, দিবসের শুরুতে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া জুলাই আন্দোলনের ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক সরবরাহকৃত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। দিনটি উপলক্ষে শহিদ ও আহতদের স্মরণে সংবর্ধনা, আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হবে।
দিবসটি জনসাধারণের মাঝে ছড়িয়ে দিতে যশোরের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর এবং দেশের বিনোদনমূলক স্থানসমূহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জনসাধারণের ও শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র, বিকাশ কেন্দ্র এবং ভবঘুরে প্রতিষ্ঠানসমূহে বিশেষ উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হবে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং জুলাই স্মৃতিস্তম্ভসমূহে বিশেষ আলোকসজ্জা করা হবে।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।
এছাড়াও বক্তব্য রাখেন চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাঈদ সান, মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি নুর ইসলাম এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পুরো সভাটি সঞ্চালনা করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। সভায় উপস্থিত সকল অংশীজন ঐতিহাসিক এই দিবসটিকে সফল ও অর্থবহ করতে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ