প্রিন্ট এর তারিখঃ Jul 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ 23 July 2026, 17:43 ইং
কেশবপুরে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষের দায়ে ব্যবসায়ীকে জরিমানা, ১৫০ কেজি মাছ ধ্বংস

কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে গোপনে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে লিয়াকত আলী (৬৫) নামে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা প্রায় ১৫০ কেজি মাগুর মাছ গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের মাছ বাজার এলাকার বাসিন্দা লিয়াকত আলী দীর্ঘদিন ধরে নিজ বাড়ির আঙিনার ড্রেনে আফ্রিকান মাগুর মাছ চাষ করে আসছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের প্রকাশিত ভিডিওর মাধ্যমে প্রশাসনের নজরে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ চাষের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে তাকে এক হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম। এ সময় জব্দকৃত প্রায় ১৫০ কেজি আফ্রিকান মাগুর মাছ উপজেলা পরিষদের সামনে গর্ত করে মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিয়াজান আলী প্রমুখ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আফ্রিকান মাগুর মাছ চাষ করার অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে লিয়াকত আলীকে এক হাজার টাকা জরিমানা করাসহ মাছ বিনষ্ট করা হয়েছে। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে’।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ