প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 July 2026, 17:35 ইং
যশোরে স্বেচ্ছাসেবক দলের বিশাল গণসমাবেশ: ফ্যাসিবাদী ষড়যন্ত্র প্রতিহতের হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার :
গণহত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ তাঁর দোসরদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যশোরে বিশাল গণসমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার (২৫ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহরের চৌরাস্তা মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৪ থেকে ৫ হাজার নেতাকর্মী অংশ নেন।
সংগঠনের জেলা আহ্বায়ক মোস্তফা আমির ফয়সালের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)। এ ছাড়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী (এমপি), সিনিয়র সহ-সভাপতি ইয়াসিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম বলেন, “জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট সংখ্যা নয়; এটি একটি আকাঙ্ক্ষা ও স্বপ্নের প্রতীক। এই আন্দোলনে রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকলেও মূল চালিকাশক্তি ছিল দেশের সাধারণ মানুষ। তাই এই বিজয়ের প্রকৃত কৃতিত্ব জনগণেরই প্রাপ্য।”
তিনি আরও বলেন, গণরায়কে সম্মান জানিয়ে দেশ গঠনের স্বার্থে সবাইকে বৈরী সমালোচনা ও হুমকির পথ পরিহার করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনে গুম, মিথ্যা মামলা ও ‘আয়না ঘর’-এর মতো নির্যাতনকেন্দ্র তৈরি করে চরম নিপীড়ন চালানো হয়েছে। পতন হলেও পরাজিত শক্তি ধর্মীয় ইস্যুসহ নানা ছদ্মবেশে ফের ফিরে আসার চক্রান্ত করছে, যা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বক্তারা তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন ও সমৃদ্ধির রাজনীতি এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে জুলাই আন্দোলনে যশোর অঞ্চলের নিহত ৬৮ জন শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ আবদার ফারুক ও নাজমুল ইসলামসহ সকল হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান।
সমাবেশ থেকে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা, যশোরের করোনারি কেয়ার ইউনিট পূর্ণাঙ্গকরণ, স্থানীয় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবি উত্থাপন করা হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ