প্রিন্ট এর তারিখঃ Jul 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 July 2026, 15:39 ইং
যশোরে আল মাহা একাডেমির সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার :
যশোরের অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) শহরের রেড টাউন রেস্টুরেন্ট মিলনায়তনে দিনব্যাপী আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাফেজ মো. আব্দুস সামীর কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একক ও কোরাস গান, বক্তৃতা, আবৃত্তি এবং নাট্য অভিনয় পরিবেশন করে। কোমলমতি শিক্ষার্থীদের এমন সৃষ্টিশীল পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের কুড়ায় প্রশংসিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আয়োজিত সংবর্ধনা পর্বে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মাঝে ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোহরাব হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল মাহা একাডেমির উপদেষ্টা রেজাউল করিম, যশোর দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ও শিক্ষাবিদ ফারুক হোসেন, প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা আবু বকর ছিদ্দিক, পরিচালক মুজাহিদুল ইসলাম এবং শায়েখ সাইফুল্লাহ বিন কোরবান।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন দক্ষিণবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান। তিনি একাডেমির শিক্ষার্থীদের সাথে নিয়ে সঙ্গীত পরিবেশন করেন। পাশাপাশি যশোরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ‘তরঙ্গ’-এর শিল্পীগোষ্ঠীর পরিবেশনা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
সাংস্কৃতিক পর্ব শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এতে সমাপনী বক্তব্য দেন সরকারি মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও আল মাহা একাডেমির উপদেষ্টা ড. মাহবুবুর রহমান।
অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে আল মাহা ইন্টারন্যাশনাল মডেল একাডেমির চেয়ারম্যান মাওলানা মাহ্দী হাসান উপস্থিত সকল শিক্ষার্থী, অভিভাবক, অতিথি, শিক্ষক-শিক্ষিকা এবং সংবাদকর্মীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ