প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 29 July 2026, 08:34 ইং
যশোরে 'আসিফ সুইটস'কে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ময়লা-আবর্জনার পাশে খাবার প্রস্তুত এবং ফ্রিজে বাসি দই সংরক্ষণের অভিযোগে যশোরের ‘আসিফ সুইটস’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে প্রতিষ্ঠানটির কারখানা ও বিক্রয়কেন্দ্রে এই জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর শহরের ই-ব্লক কলাবাগান এলাকায় অবস্থিত আসিফ সুইটসের কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে কারখানাটির মধ্যে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, চারপাশে মাছির উপদ্রব এবং ময়লার ডাস্টবিনের ঠিক পাশেই মিষ্টি তৈরি করতে দেখেন কর্মকর্তারা।
পরবর্তীতে উপশহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত আসিফ সুইটসের বিক্রয়কেন্দ্রে অভিযান চালানো হয়। সেখানে ফ্রিজে বাসি দই সংরক্ষণ এবং অন্যান্য মিষ্টি অস্বাস্থ্যকর উপায়ে রেখে দেওয়ার প্রমাণ মেলে।
এ বিষয়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যশোর জেলা কার্যালয়ের কর্মকর্তা আব্দুর রহমান জানান, এসব মারাত্মক অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে কারখানা ও বিক্রয়কেন্দ্রে স্বাস্থ্যসম্মত এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার জন্য কঠোর বার্তা দিয়ে সতর্ক করা হয়েছে।
অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মোহাম্মদ সেলিমুজ্জামানসহ স্থানীয় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ