প্রিন্ট এর তারিখঃ Jul 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ 31 July 2026, 13:44 ইং
প্রযুক্তির ফাঁদে মানব পাচার প্রতিরোধে যশোরে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি:
আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে "প্রযুক্তির ফাঁদে প্রতারণা: মানব পাচার প্রতিরোধে করণীয়" শীর্ষক এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড এম্ব্যাসি ও উইনরক ইন্টারন্যাশনের সহযোগিতায়, রূপান্তর ও রাইটস যশোরের বাস্তবায়নে এবং যশোর জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে শহরের জাগরণী চক্র সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
এবারের দিবসের প্রতিপাদ্য "Trapped Behind the Scam"—এর আলোকে সামাজিক যোগাযোগমাধ্যম, ভুয়া চাকরির বিজ্ঞাপন, অনলাইন বিনিয়োগ ও ডিজিটাল স্ক্যামের মাধ্যমে সংঘটিত মানব পাচারের ক্রমবর্ধমান ঝুঁকি নিয়ে বিষদ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্কের আহ্বায়ক ও উন্নয়ন সংস্থা 'ধারা'-এর নির্বাহী পরিচালক লিপিকা দাস গুপ্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের যশোর জেলার উপপরিচালক জনাব রফিকুল হাসান। তিনি তাঁর বক্তব্যে মানব পাচার রুখতে স্থানীয় সরকার প্রতিষ্ঠান, কমিউনিটি ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ও জবাবদিহিমূলক উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কোঅর্ডিনেটর সুপ্তি দিব্রা। অনুষ্ঠানে মানব পাচারবিরোধী সচেতনতামূলক প্রামাণ্যচিত্র "প্রেরণার আলোকশিখা" প্রদর্শন এবং একটি ধারণাপত্র উপস্থাপন করা হয়।
প্যানেল আলোচনায় অংশ নেন যশোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, অ্যাডভোকেট ফাহিম রাজ, সিটিআইপি অ্যাক্টিভিস্ট খন্দকার একলাস হোসেন, আইডি-এর প্রোগ্রাম অফিসার বিথিকা সরকার, হরিহরনগর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এবং ইছালী ইউপির প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমান। আলোচনাটি যৌথভাবে সঞ্চালনা করেন দীপক কুমার রায়, শীতল রায় ও রবিউল ইসলাম।
আলোচকরা বলেন, প্রযুক্তির অপব্যবহারের কারণে বর্তমানে সাইবার স্পেসকে কেন্দ্র করে অপরাধের ধরন পরিবর্তিত হয়েছে। ফলে প্রযুক্তিভিত্তিক এই পাচার রুখতে কেবল আইন প্রয়োগই যথেষ্ট নয়; বরং ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণ, স্থানীয় মানব পাচার প্রতিরোধ কমিটির সক্রিয়তা, গণমাধ্যমের বস্তুনিষ্ঠ ভূমিকা এবং পাচারের শিকার সারভাইভারদের অধিকারভিত্তিক সুরক্ষা ও টেকসই পুনর্বাসন নিশ্চিত করতে সরকার, প্রশাসন ও সুশীল সমাজকে একযোগে কাজ করতে হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ