প্রিন্ট এর তারিখঃ Sep 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 August 2026, 13:28 ইং
যশোরে যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত
স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে ন্যায় যশোরেও পালিত হয়েছে ‘গণঅভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের জুলাই বিপ্লবে আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে শহরের বকুলতলাস্থ ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের ঢল নামে।
অনুষ্ঠানের শুরুতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথম শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত এবং জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এরপর জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার রফিকুল ইসলাম, জেলা পরিষদের পক্ষে প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে সিভিল সার্জন ডা. মাসুদুর রহমান পুষ্পস্তবক অর্পণ করেন।
রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে জেলা বিএনপির পক্ষে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের নেতৃত্বে নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। এনসিপি যশোর জেলার পক্ষে প্রধান সমন্বয়কারী নুরুজ্জামানের নেতৃত্বে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার নেতৃবৃন্দ, সাধারণ শিক্ষার্থী, বিভিন্ন সরকারি দপ্তর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে সভায় বক্তারা বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আত্মত্যাগকারী শহীদদের জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের আদর্শ হৃদয়ে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ