প্রিন্ট এর তারিখঃ Aug 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 August 2026, 11:37 ইং
বেনাপোলে ৯৭ বোতল অবৈধ কফ সিরাপসহ যুবক আটক
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৯৭ বোতল অবৈধ মাদকদ্রব্য কফ সিরাপসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
সোমবার (১০ আগস্ট) ভোর ৪টা ৫০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল পোর্ট থানার সহকারী উপপরিদর্শক মো. সবুজ আলীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ভবেরবেড় গ্রামের মো. আওয়াল নামে এক ব্যক্তির বাড়ির গেটের সামনে পাকা রাস্তায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন অবস্থায় মো. সুজন মোড়ল (৩১) নামে এক যুবককে আটক করা হয়।
পরে তার সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগে তল্লাশি চালিয়ে ৯৭ বোতল অবৈধ মাদকদ্রব্য কফ সিরাপ উদ্ধার করা হয়। একই সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক মো. সুজন মোড়ল ভবেরবেড় (পশ্চিমপাড়া) গ্রামের মৃত শফি মোড়লের ছেলে।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য ও মোবাইল ফোন জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ প্রবাহ ও বিস্তার রোধে বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ