প্রিন্ট এর তারিখঃ Aug 11, 2026 ইং || প্রকাশের তারিখঃ 10 August 2026, 15:13 ইং
যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন

স্টাফ রিপোর্টার :
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ৯৩ জন পরীক্ষার্থীর সবাই কৃতকার্য হওয়ায় পাশের হার শতভাগ (১০০%)।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মোট ৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৯ জন শিক্ষার্থীই সর্বোচ্চ কৃতিত্বের স্বাক্ষর রেখে জিপিএ-৫ (এ প্লাস) অর্জন করেছে। বাকি ৪ জন শিক্ষার্থী অর্জন করেছে ‘এ’ গ্রেড।
এমন চমকপ্রদ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোতোষ কুমার নন্দী কৃতী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, সুশৃঙ্খল পড়াশোনার পরিবেশ এবং শিক্ষকবৃন্দের আন্তরিক পাঠদানের যৌথ ফসল এই সাফল্য। সকল শিক্ষার্থীকে বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের সম্মানিত শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
পরীক্ষার এই ফলাফলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। ভবিষ্যতে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ