নিজস্ব প্রতিবেদক:
শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক শিক্ষার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানসমূহে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার যশোর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ ‘অমিত্রাক্ষর’-এ জেলার সরকারি ও বেসরকারি কলেজ এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত।
যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না; তাদের নৈতিক শিক্ষায় বলীয়ান করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ চর্চা, নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ সুন্দর রাখার বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।