প্রিন্ট এর তারিখঃ Aug 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 August 2026, 13:40 ইং
যশোর ইনস্টিটিউটে যাত্রাপালা ও নতুন ৩ নাটকের শুভ মহরত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
"নাটক হোক সমাজ গঠনের হাতিয়ার"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যশোর ইনস্টিটিউট নাট্যকলা সংসদের যাত্রাপালা ও নতুন তিনটি নাটকের শুভ মহরত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক জনাব দেলোয়ার হোসেন খান খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ও নাট্যকলা সংসদের সভাপতি এ জেড এম সালেক স্বপন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনসারুল হক খোকন, যশোর ইনস্টিটিউটের নাট্যকলা সংসদের সম্পাদক আলমগীর হোসেন বাবু, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপংকর দাস রতন এবং জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি মোস্তাক আহমেদ পলাশ।
অনুষ্ঠানে আগামী মৌসুমের জন্য তিনটি নাট্যের রূপরেখা ও মঞ্চায়নের তারিখ ঘোষণা করা হয়:
যাত্রাপালা “বিদ্রোহী নজরুল”: মৃণাল কান্তি দে-র রচনায় এটি যৌথভাবে পরিচালনা করবেন বদরুল আলম দুলাল ও আলমগীর হোসেন বাবু। নাটকটি আগামী অক্টোবর-২০২৬ এ মঞ্চায়নের সম্ভাবনা রয়েছে।
নাটক “নরক গুলজার”: মনোজ মিত্রের রচনায় এবং আলমগীর হোসেন বাবুর নির্দেশনায় আগামী ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমী, যশোরে নাটকটি মঞ্চস্থ হবে। এর প্রযোজনা নিয়ন্ত্রক হিসেবে রয়েছেন মোঃ সাহাবুদ্দিন আহমেদ সাবু এবং মহড়া নিয়ন্ত্রক স্বপন দাস।
নাটক “ম্যাকবেথ”: শেক্সপিয়ারের অমর গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মাস-উদ-জামান। এটি আগামী ফেব্রুয়ারি-২০২৭ এ মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ