প্রিন্ট এর তারিখঃ Aug 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 August 2026, 14:31 ইং
ফায়ার লাইসেন্স না থাকায় যশোরে ‘কাচ্চি ভাই’কে ৫০ হাজার টাকা জরিমানা

যশোর প্রতিনিধি:
ফায়ার লাইসেন্স গ্রহণ না করায় যশোরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান ‘কাচ্চি ভাই’-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যশোর কার্যালয়ের ওয়্যারহাউজ ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, রেস্তোরাঁটি চালুর পর থেকে নিয়ম অনুযায়ী ফায়ার লাইসেন্স সংগ্রহের জন্য তাদের কর্তৃপক্ষকে তিন দফা নোটিশ প্রদান করা হয়। তবে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করেনি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন। ফায়ার লাইসেন্স ব্যতিরেকে কার্যক্রম পরিচালনা করায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
ইন্সপেক্টর লুৎফর রহমান খান আরও সতর্ক করে জানান, যশোরের অন্যান্য ব্যবসায়ী ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকেও ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। যারা সময়মতো লাইসেন্স সংগ্রহ করবে না, তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে অভিযান চালিয়ে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ