প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 August 2026, 04:59 ইং
যশোরে ১৯৭ বোতল মাদক সিরাপসহ তিনজন আটক

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ১৯৭ বোতল অবৈধ মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্প।
শুক্রবার (২১ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল কোতোয়ালী মডেল থানাধীন পালবাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে থেকে ১০০ বোতল ইস্কুফ সিরাপ ও ৯৭ বোতল উইনসেরেক্স সিরাপসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতক্ষীরা জেলার দেওয়াটা থানার শাজাহানপুর গ্রামের মৃত গুঞ্জ সরদারের ছেলে মো. ওসমান গনি (৪৯), একই জেলার পুলিয়া গ্রামের মো. জামাল উদ্দিন গাজীর ছেলে মো. আব্দুল মান্নান (৬২) এবং সিরাজগঞ্জ জেলার শাজাহানপুর থানার ভূলবাকুটিয়া গ্রামের মো. কোরবান আলীর ছেলে মো. শফিকুল ইসলাম (৪০)।
র্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে পালবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার ও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যশোর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধারকৃত আলামত ও গ্রেপ্তার আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ফজলে রাব্বি প্রিন্স জানান, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে হত্যা, ধর্ষণসহ চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের বিরুদ্ধেও চলমান অভিযান অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ