প্রিন্ট এর তারিখঃ Aug 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ 22 August 2026, 13:56 ইং
চৌগাছায় শিক্ষক-কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
চৌগাছা প্রতিনিধি:
যশোরের চৌগাছায় উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষক-কর্মচারীদের পেশাগত বিভিন্ন বিষয়, সংগঠনের কার্যক্রম, পারস্পরিক কল্যাণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের হলরুমে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ পিপিএম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশিদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রামকৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আজম আশরাফুল। সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, সমিতির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম উল্লেখযোগ্য পর্ব ছিল ২০২৪ ও ২০২৫ সালে অবসর নেওয়া ১৮ জন শিক্ষক-কর্মচারীকে সম্মাননা প্রদান। তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট ও সমিতিতে তাঁদের জমাকৃত অর্থ প্রদান করা হয়।
সভায় বক্তারা শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পাশাপাশি সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষক-কর্মচারীদের কল্যাণে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, শিক্ষকদের পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে পারস্পরিক ঐক্য ও সহযোগিতার বিকল্প নেই। সংগঠনের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের যৌক্তিক দাবি ও কল্যাণমূলক বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত শিক্ষক-কর্মচারীরা সমিতির কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ