নিজস্ব প্রতিবেদক:
“নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নৌযান শুমারি-২০২৬। এ উপলক্ষ্যে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় আজ রবিবার র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপপরিচালক আবুল হোসেন, যশোর সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নীলা প্রিয়া ময়ূরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।
জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা গেছে, ২০ আগস্ট থেকে শুরু হওয়া এই শুমারি চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত। নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) যৌথ উদ্যোগে দেশব্যাপী এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী সকল ইঞ্জিনচালিত নৌযানের একটি আধুনিক তথ্যভাণ্ডার তৈরি করাই এই শুমারির মূল উদ্দেশ্য। প্রাপ্ত তথ্য দেশের নৌপরিবহন খাতের টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।