প্রিন্ট এর তারিখঃ Aug 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 August 2026, 10:41 ইং
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৯টায় পুলিশ লাইন্স ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
সভায় পূর্ববর্তী কল্যাণ সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন, দাবি ও সমস্যার বিষয় তুলে ধরা হয়। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা তাদের কর্মক্ষেত্রের সুবিধা-অসুবিধা ও প্রয়োজনীয় বিষয়গুলো পুলিশ সুপারের কাছে উপস্থাপন করেন।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম মনোযোগ সহকারে পুলিশ সদস্যদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ ও পেশাগত দায়িত্ব পালনে আরও আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় ভালো কাজ ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার ৪৫ জন পুলিশ ও নন-পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন পুলিশ সুপার। পরে অবসরজনিত পিআরএল উপলক্ষে যশোর জেলা পুলিশের চারজন সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাজিবুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তাগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণ, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, ডিআইও-১, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ