প্রিন্ট এর তারিখঃ Aug 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ 28 August 2026, 14:39 ইং
‘শুধু দুনিয়ার সমৃদ্ধি নয়, প্রথম চ্যালেঞ্জ ঈমান রক্ষা’: যশোরে এমএম কলেজ অধ্যক্ষ

স্টাফ রিপোর্টার :
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন’ পরিচালিত তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা যশোর শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, "বর্তমান আধুনিক বিশ্বে আমাদের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক এবং দ্বিতীয়টি ঈমান রক্ষার। সাধারণ শিক্ষার মাধ্যমে দুনিয়াবি সমৃদ্ধি অর্জিত হলেও আখেরাতের প্রাপ্তিতে বড় ঘাটতি থেকে যায়। আল্লাহ আমাদের শ্রেষ্ঠ মাখলুক হিসেবে পাঠিয়েছেন; তাই আমাদের লক্ষ্য শুধু দুনিয়ায় ভালোভাবে চলা নয়, বরং আখেরাতকে সামনে রেখে জীবন পরিচালনা করা।" অভিভাবকদের উদ্দেশ্যে তিনি সন্তানদের সুনাগরিক ও দ্বীনদার হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি নিজেরাও সচেতন থাকার আহ্বান জানান।
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের যশোর শাখাসমূহের তত্ত্বাবধায়ক ও খুলনা জোনাল ইনচার্জ হাফেজ মাওলানা অধ্যক্ষ আ. খ. ম মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আল মাহমুদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের পরিচালক এম. এম. রবিউল ইসলাম। শাখা প্রধান শাহীন মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ও সহকারী মোস্তফা আল মিসবাহর সঞ্চালনায় অনুষ্ঠানে যশোর আবাসিক শাখার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ মাওলানা আজমল হোসাইন, আলিয়া শাখার প্রধান আসাদুজ্জামান, প্রি-হিফয শাখার প্রধান সৈয়দ সাইফুর রহমান এবং উপশহর শাখা প্রধান মাহমুদুল হাসানসহ স্থানীয় বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, প্রশাসনিক কর্মকর্তা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গান, হামদ-নাত, নাটিকা এবং আরবি, বাংলা ও ইংরেজিতে শিক্ষার্থীদের চমকপ্রদ পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে। অনুষ্ঠান শেষে শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামানের সংগীত পরিবেশনা ও প্রতিযোগিতায় বিজয়ী খুদে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ