
স্টাফ রিপোর্টার:
প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ ঘিরে সাংবাদিকদের মাঝে বইছে আমেজ ও দারুণ উৎকণ্ঠা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী রোববার (৬ সেপ্টেম্বর) ক্লাব কার্যালয়ে বিভিন্ন পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সদস্য সচিব অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই সাংবাদিক পাড়ায় শুরু হয়েছে ভোটের হিসাব-নিকাশ। নির্বাচনী লড়াইয়ে সবচেয়ে চমক দেখা যাচ্ছে সভাপতি পদ ঘিরে। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন এবং প্রবীণ সাংবাদিক, দৈনিক প্রভাত ফেরীর সম্পাদক ফকির শওকত। দুই জ্যেষ্ঠ সাংবাদিকের মুখোমুখি লড়াইয়ে জমে উঠেছে ক্লাবের প্রাঙ্গণ।
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদটি কাড়ছে বিশেষ নজর। এ পদে চলছে ত্রিমুখী লড়াই। প্রতিদ্বন্দ্বিতায় মুখোমুখি হচ্ছেন নূর ইসলাম, জুয়েল মৃধা ও ওয়াহাবুজ্জামান ঝন্টু। তিনটি শক্তিশালী মুখের কারণে এ পদটিকে ঘিরে সদস্যদের আগ্রহ এখন তুঙ্গে।
নির্বাচনে বেশ কয়েকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ের মুখে রয়েছেন: সহ-সভাপতি পদে আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন (এ দুটি পদে আর কেউ মনোনয়ন জমা দেননি)।যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী। কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাহিদ আহমেদ লিটন। দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে জমা দিয়েছেন তৌহিদ মনি।
এ ছাড়া সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেওয়ান মোর্শেদ আলম ও সাইফুর রহমান সাইফ।
সাধারণ সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৮ জন প্রার্থী। তাঁরা হলেন— আব্দুল ওহাব মুকুল, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু, এস.এম. সোহেল এবং সাফিকুল আলম (সাফিক সাঈদ)।
মনোনয়ন জমার মধ্য দিয়ে মূলত ক্লাবের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি এসেছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মূল পদগুলোতে প্রার্থিতা চূড়ান্ত হওয়ায় ভোটারের দুয়ারে কড়া নাড়তে শুরু করেছেন প্রার্থীরা। সদস্যরা আশা প্রকাশ করছেন, পেশাদারিত্ব, পারস্পরিক সৌহার্দ্য ও গণতান্ত্রিক চেতনার মধ্য দিয়েই শেষ হবে এ নির্বাচন।
নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর (শনিবার) প্রেসক্লাব যশোরের নিজস্ব কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।