প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 September 2026, 08:23 ইং
ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে হবে: মোবারক হোসাইন

নিজস্ব প্রতিবেদক, যশোর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন বলেছেন, "আগামী ১০ অক্টোবর খুলনা বিভাগের লংমার্চে যশোরে ইতিহাসের শ্রেষ্ঠ জনসমাবেশ অনুষ্ঠিত হবে। জনদুর্ভোগ নিরসনসহ জনগণের ৬ দফা দাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে বিপুলসংখ্যক মানুষকে রাজপথের আন্দোলনে সম্পৃক্ত করতে হবে।"
শুক্রবার (১১ সেপ্টেম্বর) যশোর জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত সদর উপজেলা ইউনিয়ন আমীর ও সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরও বলেন, সরকার যদি জনগণের ন্যায়সঙ্গত ৬ দফা দাবি পূরণে ব্যর্থ হয়, তবে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। এমনকি দাবি আদায় না হলে আগামী ১৯ নভেম্বর ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে ‘এক দফা’ আন্দোলনের ডাক দেওয়া হতে পারে, যেখানে যশোর জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ঢাকা-চট্টগ্রাম লংমার্চের সাফল্য তুলে ধরে মোবারক হোসাইন জানান, আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর বিভাগে এবং পরবর্তীতে ১০ অক্টোবর খুলনা বিভাগে লংমার্চ অনুষ্ঠিত হবে। ঢাকার পল্টন থেকে শুরু হয়ে লংমার্চটি খুলনা, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অতিক্রম করবে। এ আয়োজন সফল করতে তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম জোরদার ও সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানোর জন্য ইউনিয়ন দায়িত্বশীলদের দিকনির্দেশনা দেন তিনি।
যশোর সদর উপজেলা আমীর অধ্যাপক আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল এমপি, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক এবং জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রসুল এমপি বলেন, "জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্ভোগ নিরসন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জামায়াতের দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।"
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আরিফুল হক কল্লোল ও মাওলানা জহুরুল ইসলামসহ উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ