প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 September 2026, 08:27 ইং
যশোরে এনজিও চাকরি মেলায় ১০ হাজার প্রার্থীর ঢল: লক্ষ্যমাত্রা ৫০০ নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, যশোর:
ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর উদ্যোগে যশোরে প্রথমবারের মতো আয়োজিত দিনব্যাপী এনজিও চাকরি মেলায় চাকরিপ্রার্থীদের ব্যাপক সমাগম ঘটেছে। মেলায় ৩৬টি শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার স্টলে সিভি জমা দিতে প্রায় ১০ হাজার তরুণ-তরুণীর ঢল নামে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে যশোর পিটিআই চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এমআরএ-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. হেলাল উদ্দীন।
আয়োজকরা জানান, মেলা থেকে সরাসরি ও পরবর্তীতে দ্রুত যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৫০০ চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ড. হেলাল উদ্দীন বলেন, "দেশে কর্মসংস্থান সৃষ্টি ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়নে এনজিও ও মাইক্রোফাইন্যান্স (এমএফআই) খাতের ভূমিকা অনন্য। বর্তমানে এ খাতে প্রায় আড়াই লাখ মানুষ কর্মরত রয়েছেন। যশোরের এই মেলার মাধ্যমে আমরা শূন্য পদে দ্রুত কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করলাম, যা পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশের বিভিন্ন জেলায় বিস্তৃত করা হবে।"
মেলায় মাইক্রোফাইন্যান্স কার্যক্রম পরিচালনাকারী ৩৬টি এনজিও তাদের নিজ নিজ স্টলে প্রাক-যোগ্যতা যাচাই, সিভি সংগ্রহ এবং মাঠপর্যায়ে মৌখিক পরীক্ষা গ্রহণ করে। সরাসরি নিয়োগের পাশাপাশি প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের পরবর্তীতে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমআরএ-এর নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী, পরিচালক আবদুল মান্নান, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, আরআরএফ-এর প্রধান নির্বাহী ফিলিপ বিশ্বাস, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেরিনা আক্তার এবং আর্স বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা শামসুল আলমসহ বিভিন্ন এনজিও-এর শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ