প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ 12 September 2026, 15:52 ইং
যশোরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের আয়োজন

স্টাফ রিপোর্টার :
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আয়োজন করা হচ্ছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
তরুণদের মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুলিশ ইন্সপেক্টর জেনারেল (আইজিপি)-এর নির্দেশনায় যশোর জেলা পুলিশের উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
পুলিশ জানায়, এটি শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডিকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করা এবং তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় খেলোয়াড় তুলে আনারও একটি উদ্যোগ। পাশাপাশি এ আয়োজনের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কারিগরি সহায়তা ও কমিউনিটি পুলিশিং কমিটির সমন্বয়ে ধাপে ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। প্রথমে ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা পর্যায়ের দল নির্বাচন করা হবে। এরপর উপজেলা পর্যায়ের সেরা দলগুলো নিয়ে জেলা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। জেলা পর্যায়ের বিজয়ী ও রানার্স-আপ দল বিভাগীয় পর্যায়ে অংশ নেবে। বিভাগীয় পর্ব উত্তীর্ণ দলগুলো জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।
যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একপ্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, তরুণ সমাজকে অপরাধ ও মাদক থেকে দূরে রেখে সুস্থ-সবল সমাজ গঠনে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত হয়ে ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানান।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ