প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 September 2026, 07:13 ইং
বিকাশ এজেন্টের দোকান থেকে বিদেশি মদ উদ্ধার, আটক ১

অভয়নগর (যশোর) প্রতিনিধি
যশোরের অভয়নগরে ‘ভৌমিক টেলিকম’ নামের এক বিকাশ এজেন্টের দোকান থেকে ১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। অবৈধভাবে বিদেশি মদ মজুদ ও বিক্রির অভিযোগে ওই দোকানের মালিক মিঠুন ভৌমিককে (৪০) আটক করা হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকায় মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।
সোমবার সকালে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। আটক মিঠুন ভৌমিক উপজেলার বুইকারা গ্রামের জ্ঞানেন্দ্র নাথ ভৌমিকের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে নূরবাগ স্বাধীনতা চত্বর এলাকায় মোটরসাইকেল স্ট্যান্ডের সামনে ‘ভৌমিক টেলিকম’ নামের একটি বিকাশ এজেন্টের দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানের ভেতর থেকে ১৮ বোতল বিদেশি মদসহ দোকানের মালিক মিঠুন ভৌমিককে আটক করা হয়।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘অবৈধভাবে বিদেশি মদ মজুদ ও বিক্রির অভিযোগে মিঠুন ভৌমিক নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ