প্রিন্ট এর তারিখঃ Sep 14, 2026 ইং || প্রকাশের তারিখঃ 14 September 2026, 12:20 ইং
অভয়নগরে নারী ও যুবক মাদকসেবীর কারাদণ্ড
অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে রশিদা বেগম ওরফে লাবনি (৪৫) ও সালমান খাঁ (২০) নামের দুই মাসদসেবীকে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপুু এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত রশিদা বেগম ওরফে লাবনি উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকার মফেজ মোড়লের মেয়ে এবং সালমান খাঁ ধোপাদী গ্রামের আব্দুর রশিদ খাঁর ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইমদাদুল শেখ জানান, সোমবার দুপুরে উপজেলার বুইকারা গ্রামের ড্রাইভারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সরঞ্জামসহ রশিদা বেগম ওরফে লাবনি নামের এক নারী মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন।
অপর অভিযানে সালমান খাঁ নামের এক যুবককে পাঁচ গ্রাম গাঁজাসহ নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন রেল লাইন থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু বলেন, ‘নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপরাধে এক নারীকে এক মাসের এবং এক যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে অর্থদণ্ড দেওয়া হয়েছে।’
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ