
নিজস্ব প্রতিবেদক:
কেবল সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রীয় কাঠামোর প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জ্বালানি সংকটসহ চলমান জনদুর্ভোগ নিরসন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবি জানিয়েছে দলটি।
শনিবার সকালে যশোর ক্লাব অডিটোরিয়ামে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে দলটির শীর্ষ নেতারা এসব কথা বলেন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, "জনগণের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট এবং মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রার পাশাপাশি শিল্প-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব ফেলছে। এসব সংকট মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।" তিনি স্থানীয় নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনীন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলটির নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল নেতাদের জনবান্ধব ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ন্যায্য দাবি আদায় এবং চলমান রাজনৈতিক ও সামাজিক বিষয়ে সচেতনতা তৈরিতে নেতাকর্মীদের মাঠপর্যায়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে সম্মেলনের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল খুলনা অঞ্চলের স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে সুশৃঙ্খলভাবে কাজ করার তাগিদ দেন।
সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধীদের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রেখে বিচার, নারীর নিরাপত্তা ও সামাজিক মূল্যবোধ রক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা জোর দিয়ে বলেন, কেবল রাজনৈতিক পরিবর্তন নয়—জনগণের জীবনমানের উন্নয়ন, অর্থনৈতিক স্বস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করতেই তাদের এই পথচলা।
অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, মহানগর ও তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।