প্রিন্ট এর তারিখঃ Sep 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ 21 September 2026, 10:58 ইং
যশোরের অভয়নগরে অস্ত্রগুলিসহ বাহারুল হত্যা মামলার আসামি আটক

স্টাফ রিপোর্টার :
অভয়নগরে বাহারুল মল্লিক হত্যা মামলায় রমজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাকে আটক ও খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের একটি বাঁশবাগান থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আজ সোমবার
পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাস।
তিনি জানান, অভয়নগর থানার বাহারুল মল্লিক হত্যা মামলায় গ্রেপ্তার রমজান (২২), ফুলতলার দক্ষিণডিহি গ্রামের মিনারুলের ছেলে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভয়নগর থানার এসআই নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দক্ষিণডিহি গ্রামের সোবহান সরদারের বাঁশবাগানে অভিযান চালায়। এ সময় বাগানের পশ্চিম কোণে মাটিতে পুঁতে রাখা একটি ৭ দশমিক ৬৫ বোরের পিস্তল, একটি দেশীয় একনলা ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সকালে অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগান থেকে বাহারুল মল্লিক ওরফে বাহালুল (৪৩) এর মরদেহ উদ্ধার করা হয়। তার থুতনি ও বাম হাঁটুর ওপর গুলির ক্ষতচিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের ভাই বিল্লাল মল্লিক বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা করেন।
ওই মামলায় গ্রেপ্তার রমজানের দেওয়া তথ্যের ভিত্তিতেই অস্ত্র ও গুলি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। দুপুরে আটক আসামিকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এএসপি মিনা বিশ্বাস ও মামলা তদন্তকারী কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ