প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 September 2026, 00:57 ইং
যশোরসহ চার জেলা সফরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

স্টাফ রিপোর্টার :
যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মেহেরপুর—চার জেলা সফরে এসেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সরকারি সফরে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধানমন্ডির বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী। বিমানযোগে যশোরের উদ্দেশে যাত্রা করে সকাল ১০টা ১৫ মিনিটে যশোর বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
পরে সড়কপথে ঝিনাইদহে গিয়ে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর কুষ্টিয়ায় গিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সার্কিট হাউজে অবস্থান করবেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুষ্টিয়া থেকে মেহেরপুর সফর করবেন প্রতিমন্ত্রী। সেখানে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে মেহেরপুরে অবস্থান করবেন তিনি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যশোরে ফিরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন অনিন্দ্য ইসলাম অমিত। এদিন যশোর আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সভা, যশোর পৌরসভার একটি রাস্তা উদ্বোধন এবং ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সফরের শেষ দিন শনিবার (২৬ সেপ্টেম্বর) যশোরে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে বিভাগ ও জেলা পর্যায়ের প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রতিমন্ত্রী। একই দিন আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভাতেও অংশ নেবেন।
সফর শেষে ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়ে রাতে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. মাছুদুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এ সফরসূচির তথ্য জানানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ