প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 September 2026, 01:06 ইং
শিল্প-কারখানা ও অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়

স্টাফ রিপোর্টার :
সৌহার্দ্য, পারস্পরিক সহযোগিতা, ব্যবসায়িক উন্নয়ন ও আজীবন সদস্য বৃদ্ধির লক্ষ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) যশোর জেলা শাখার উদ্যোগে এক ব্যবসায়ী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির যশোর জেলা শাখার সভাপতি মতিয়ার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি রেজাউল করিম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি বলেন, “আমাদের দেশ ১৮ কোটি মানুষের দেশ। কৃষিতে গবেষণার ফসল ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে খাদ্যে আমরা বৈপ্লবিক অগ্রগতি অর্জন করেছি। কিন্তু মাথাপিছু আয় বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির জন্য যে শিল্পায়ন প্রয়োজন, সে জায়গায় আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে পিছিয়ে রয়েছি।
শিল্প খাতের বিভিন্ন সংকটের কথা তুলে ধরে প্রধান অতিথি আরও বলেন, “জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাসের সংকটের কারণে দেশে নতুন শিল্প-কারখানা গড়ে তোলার পথ বাধাগ্রস্ত হচ্ছে। দেশে সারের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও গ্যাস সংকটের কারণে ৭টি সার কারখানার মধ্যে ৬টিই বন্ধ রাখা হয়েছে। ফলে বিপুল পরিমাণ টাকা ভতুর্কি দিয়ে বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে, যার চূড়ান্ত বোঝা এসে পড়ছে জনগণের ওপর।” এ সময় তিনি ব্যাংকিং সেক্টরে স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিদেশে অর্থ পাচার রোধ এবং দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির জোর দাবি জানান।
সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ-এর কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহকারী জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান এবং যশোর-কুষ্টিয়া জোনের সভাপতি আব্দুল মতিন।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট উদ্যোক্তা ইঞ্জিনিয়ার জহুরুল হক, বিশিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ী মীর মুরাদ হোসেন এবং বিশিষ্ট উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবক বাদল।
সমাবেশে বক্তারা বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান এবং জনগণের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিল দুর্নীতিমুক্ত, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। সততা, যোগ্যতা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন না হলে এবং দুর্নীতির লাগাম না টানলে জাতি কাঙ্ক্ষিত সুফল পাবে না। দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ