প্রিন্ট এর তারিখঃ Sep 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 September 2026, 03:12 ইং
ক্ষুধার তাড়নায় ভাত ভেবে মিষ্টির প্যাকেট কেড়ে নেওয়া যুবককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ক্ষুধার যন্ত্রণায় যখন পেটে কিছু দেওয়ার মতো কোনো টাকা ছিল না, তখন চোখে পড়ে একটি খাবারের প্যাকেট। ভাতের প্যাকেট ভেবে সেটি এক ব্যক্তির কাছ থেকে কেড়ে নিয়েছিলেন নুর মোহাম্মদ। কিন্তু প্যাকেট খুলে দেখেন, ভাত নয়—ভেতরে মিষ্টি। ক্ষুধার তাড়নায় সেই মিষ্টিই খেয়ে ফেলেন কয়েকটি। পরে স্থানীয়দের মারধরের শিকার হয়ে পুলিশের হাতে সোপর্দ হন তিনি।
গত মঙ্গলবার সন্ধ্যায় যশোর রেলস্টেশনে ঘটে এ ঘটনা। বুধবার নুর মোহাম্মদকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে ৫০ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধের পর মুক্তি পান তিনি।
নুর মোহাম্মদ জানান, তার বাড়ি নড়াইলে। তিনি যশোরের ঝিকরগাছার একটি কাঁচামালের আড়তে কাজ করেন। মঙ্গলবার সন্ধ্যায় কাজ শেষে যশোর রেলস্টেশনে অবস্থানকালে তার প্রচণ্ড ক্ষুধা লাগে। কিন্তু কাছে কোনো টাকা না থাকায় খাবার কিনতে পারছিলেন না। এ সময় এক ব্যক্তিকে খাবারের প্যাকেট হাতে যেতে দেখে সেটি ভাতের প্যাকেট মনে করে কেড়ে নেন। পরে প্যাকেট খুলে মিষ্টি দেখতে পান। ক্ষুধার তাড়নায় কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন। বিষয়টি দেখে স্থানীয়রা তাকে মারধর করে পুলিশে দেন।
বুধবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। শুনানি শেষে বিচারক ৫০ টাকা জরিমানা করেন। আদালতের জিআরও এসআই হেলালুজ্জামান জানান, এক ব্যক্তি নুর মোহাম্মদের কথা শুনে তাকে ১০০ টাকা দেন। ওই টাকা থেকে ৫০ টাকা জরিমানা পরিশোধ করে তিনি মুক্তি পান।
জরিমানা দিয়ে বাকি ৫০ টাকা হাতে নিয়ে নুর মোহাম্মদ এখন বাড়ির পথে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ