প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ 25 September 2026, 10:17 ইং
আজ বিকেলের মধ্যে গ্যাসের চাপ স্বাভাবিক হবে: প্রতিমন্ত্রী অমিত

স্টাফ রিপোর্টার :
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে এলএনজি খালাসে সাময়িক বিঘ্ন ঘটায় গ্যাসের চাপ কমেছিল। শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে এলএনজি খালাস শুরু হয়েছে। ফলে বিকেলের মধ্যে গ্যাসের চাপ স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে যশোরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যশোরে কোনো সিএনজি স্টেশন নেই। বাসাবাড়িতেও আবাসিক গ্যাস সংযোগ নেই। একইভাবে খুলনা বিভাগে গ্যাসভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান বা গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রও নেই। সেক্ষেত্রে যশোর কিংবা খুলনা বিভাগের স্থানীয় গ্যাস সংকটের বিষয়টি প্রযোজ্য নয়।
তিনি বলেন, বঙ্গোপসাগরে থাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে আমদানিকৃত এলএনজি খালাস করা হয়। আবহাওয়া বিরূপ থাকায় গতকাল একটি এলএনজি জাহাজ থেকে নির্ধারিত সময়ে খালাস করা সম্ভব হয়নি। এ কারণে সাময়িকভাবে গ্যাসের চাপ কিছুটা কমে যায়। শুক্রবার সকাল ৭টা ১৮ মিনিট থেকে এলএনজি খালাস শুরু হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক হতে হতে বিকেলের মধ্যে আগের পর্যায়ে পৌঁছাবে।
জ্বালানি তেলের দাম প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে জ্বালানি বাজার স্থিতিশীল হলে জ্বালানি মূল্য সমন্বয়ের সুযোগ তৈরি হবে। এই মুহূর্তে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে দাম কমে এলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে জ্বালানির মূল্য আরও নিম্নস্তরে পুনর্নির্ধারণের চেষ্টা করা হবে।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ১১টায় যশোর সার্কিট হাউজে জেলা হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রতিমন্ত্রী। সভায় যশোরের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রতিমন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে যশোরবাসীকে পূর্ণাঙ্গ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) সেবা নিশ্চিত করা হবে। হৃদরোগীদের উন্নত চিকিৎসার জন্য যাতে অন্য জেলায় যেতে না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নিসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ