প্রিন্ট এর তারিখঃ Sep 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ 30 September 2026, 07:24 ইং
সেমিকন্ডাক্টর ও এআই খাতে মার্কিন ১ বিলিয়ন ডলারের বিনিয়োগের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর শিল্পে ১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিভুক্ত ইস্ট পালো আল্টোর ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে আয়োজিত ‘সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ড টেবিল’ বৈঠকে এ আশাব্যঞ্জক তথ্য জানানো হয়। ‘বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য প্রযুক্তি, বিনিয়োগ ও কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এ আলোচনায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশের প্রতিনিধিদলে থাকা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
ববি হাজ্জাজ জানান, বাংলাদেশের প্রযুক্তি খাতে আন্তর্জাতিক বিনিয়োগের অভাবনীয় সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে এআই ও সেমিকন্ডাক্টর খাতে মার্কিন কোম্পানিগুলোর এই বিশাল আগ্রহ দেশের সার্বিক অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
তিনি আরও বলেন, "এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে প্রযুক্তি স্থানান্তর, আন্তর্জাতিক মানের দক্ষ জনশক্তি তৈরি, গবেষণা ও উদ্ভাবন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। এআই, ডেটা ইনফ্রাস্ট্রাকচার ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পে বৈশ্বিক প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ আমাদের অর্থনীতিতে বৈচিত্র্য আনার পাশাপাশি তরুণ প্রজন্মের জন্য বিপুল কর্মসংস্থান তৈরি করবে।"
উচ্চপর্যায়ের এ গোলটেবিল আলোচনায় এআই ও ডেটা অবকাঠামো উন্নয়ন, সেমিকন্ডাক্টর শিল্পে সরাসরি বৈদেশিক বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, যৌথ গবেষণা ও কৌশলগত অংশীদারত্বের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতামত বিনিময় করা হয়।
বৈঠকে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
কারম্যাক্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও সিআইও শামীম মোহাম্মদের সঞ্চালনায় এ গুরুত্বপূর্ণ বৈঠকে মার্কিন প্রযুক্তি খাতের জ্যেষ্ঠ নির্বাহী ও উদ্যোক্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ