প্রিন্ট এর তারিখঃ Oct 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ 03 October 2026, 05:33 ইং
সিইসির পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর বিক্ষোভের হুঙ্কার ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক ডেস্ক:
ভারতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এই আন্দোলনে যোগ দিতে ভারতের সমগ্র তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
শুক্রবার গান্ধী জয়ন্তী উপলক্ষে মুম্বইয়ের ঐতিহাসিক শিবাজি পার্কে হাজার হাজার সমর্থক ও সাধারণ মানুষ সিজেপির ডাকে সমবেত হন। সম্প্রতি ‘ভোটার তালিকার নিবিড় সংশোধন’ (এসআইআর)-এর নামে গণহারে সাধারণ ভোটারদের নাম বাদ দেওয়া এবং নির্বাচনে বিভিন্ন অনিয়মের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশ থেকেই শুক্রবার রাতে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে ‘দিল্লি চলো’ কর্মসূচির আনুষ্ঠানিক ডাক দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় অভিজিৎ দীপকে হুঁশিয়ারি দিয়ে লেখেন,
“জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে সারা দেশের ককরোচ-বাহিনী মিছিল করে দিল্লি যাবে এবং ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে। দিল্লি পুলিশ যদি আমাদের পথ আটকানোর চেষ্টা করে, তবে যেখানে আটকাবে, সেটাই আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।”
মুম্বই ছাড়াও একই দিনে নতুন দিল্লি, চেন্নাই, কলকাতা ও রাঁচিসহ একাধিক প্রধান শহরে বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সাধারণ নাগরিকরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভ মোকাবিলার অংশ হিসেবে দিল্লি মেট্রোর অন্তত ১১টি স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ আম আদমি পার্টির (আপ) নেত্রী আতিশী, সৌরভ ভরদ্বাজ, সঞ্জয় সিং, সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত এবং আরজেডি সাংসদ মনোজ ঝাসহ অন্তত ১,১০০ জন বিক্ষোভকারীকে আটক করেছে।
(তথ্যসূত্র: আনন্দবাজার অনলাইন ও দ্য হিন্দু)
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ