প্রিন্ট এর তারিখঃ Oct 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ 07 October 2026, 07:31 ইং
সৌদির একাধিক বিমানবন্দর ও সামরিক ঘাঁটিতে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশের বিভিন্ন স্থানের গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ধারাবাহিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। অন্যদিকে, হামলা ব্যর্থ করে দিয়ে আকাশেই একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
বুধবার (০৭ অক্টোবর ২০২৬) মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মিডল ইস্ট আই ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পৃথক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, তাঁদের বাহিনী রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে কয়েকটি ড্রোন দিয়ে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এ হামলার ফলে বিমানবন্দরটির ফ্লাইট পরিচালনা ও সাধারণ চলাচল ব্যাহত হয় বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং খামিস মুশাইতের বিমান ঘাঁটিতেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। এতে বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি সামরিক ঘাঁটির বেশ কিছু ক্ষতি হয়েছে।
এ ছাড়া অপর এক বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন, জিজানের দাগারির, আসিরের আকিফাহ এবং জিজানের আল-মাওসিমের তিনটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে হুথি বাহিনী।
এদিকে আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করেও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রের একটি বদর সেন্টারে অবস্থানরত সৌদি নেতৃত্বাধীন জোটের একটি ইউনিটের ওপর আঘাত হানে বলে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা রিয়াদ অভিমুখে আসা হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চিহ্নিত করে সময়মতো আকাশেই প্রতিহত ও সম্পূর্ণ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ