প্রিন্ট এর তারিখঃ Oct 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 16 October 2026, 10:37 ইং
যশোরের শংকরপুরে অভিযানে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে র্যাব

স্টাফ রিপোর্টার :
আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলা বিশেষ অভিযানের অংশ হিসেবে যশোরের শংকরপুর এলাকা থেকে ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করেছে এসআরবি (র্যাব)-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল।
শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শংকরপুর বালির মাঠ এলাকা থেকে এসব ককটেল উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণীতে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও অপরাধীদের গ্রেফতারে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করছিল এসআরবি। গভীর রাতে আভিযানিক দলটি শংকরপুর বালির মাঠ এলাকায় পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে কতিপয় সন্দেহভাজন ব্যক্তি দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে স্থানটিতে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮টি ককটেল সদৃশ বোমা উদ্ধার করা হয়।
এসআরবি-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার মোঃ নাঈম উল হক (বিসিজিএম) জানান, উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একই সাথে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যে কোনো ধরনের নাশকতা এড়াতে এসআরবির বিশেষ টহল, চেকপোস্ট তল্লাশি ও আভিযানিক নজরদারি অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ