প্রিন্ট এর তারিখঃ Oct 19, 2026 ইং || প্রকাশের তারিখঃ 19 October 2026, 05:57 ইং
যশোরে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ: প্রতিবেশী যুবক পলাতক, থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক :
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম সোহাগ হোসেন (২৪)। এ ঘটনায় শনিবার রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সোহাগ পলাতক রয়েছেন।
অভিযুক্ত সোহাগ হোসেন বলরামপুর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) দুপুরে শিশুটি তার এক সহপাঠীর সঙ্গে প্রতিবেশী সোহাগের বাড়িতে যায় দোলনায় দোল খেতে। এ সময় শিশুটিকে কৌশলে ঘরের ভেতর ডেকে নিয়ে যায় সোহাগ এবং অনাকাঙ্ক্ষিত স্পর্শের মাধ্যমে ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত সোহাগ দ্রুত চম্পট দেয়।
পরবর্তীতে শিশুটির স্বজনেরা ঘটনাটি পুলিশকে জানালে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে নিজেদের হেফাজতে নেয়। রোববার সকালে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয় এবং পরে জবানবন্দি গ্রহণের জন্য তাকে আদালতে হাজির করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ মিলন মোল্লা জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ