প্রিন্ট এর তারিখঃ Oct 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ 20 October 2026, 06:22 ইং
যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক হাসপাতালে ভর্তি, দোয়া প্রার্থনা

স্টাফ রিপোর্টার :
যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক গুরুতর অসুস্থ হয়ে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে তাঁকে দ্রুত অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নেওয়া হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংসদ সদস্য গাজী এনামুল হক গত বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসভবনে চিকিৎসাধীন ও বিশ্রামে ছিলেন। তবে সোমবার গভীর রাতে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি দেখা দিলে কালবিলম্ব না করে তাঁকে যশোর শহরের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে জনপ্রিয় এই জনপ্রতিনিধির শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে মণিরামপুর উপজেলাজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। দলীয় নেতাকর্মী, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। পরিবারের পক্ষ থেকেও অ্যাডভোকেট গাজী এনামুল হকের আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় সর্বস্তরের জনগণের কাছে দোয়া চাওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ