প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 October 2026, 04:23 ইং
রামনগর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মুন্সি নাজমুলের বিশেষ মশা নিধন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:
যশোরের রামনগর ইউনিয়নে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ মশা নিধন ও স্প্রে কার্যক্রম পরিচালিত হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) সকাল ৯টায় রামনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মুন্সি নাজমুল-এর সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের কাজিপুর গ্রামের বিভিন্ন মহল্লা ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে এ কার্যক্রম চালানো হয়।
কর্মসূচিকালে মুন্সি নাজমুল বলেন, "বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি সারাদেশে উদ্বেগজনক রূপ নিয়েছে। গ্রামের সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ও মানুষকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।" তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, কেবল কাজিপুর গ্রামই নয়, পর্যায়ক্রমে রামনগর ইউনিয়নের প্রতিটি গ্রামেই এই মশা নিধন স্প্রে ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে।
এ সময় তিনি উপস্থিত এলাকাবাসীর উদ্দেশ্যে ডেঙ্গু প্রতিরোধের উপায়, বাসাবাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমে থাকা পানি অপসারণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত মশা নিধন কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন সাজেদুর রহমান মনি, মাস্টার আবু ইমরান গাজী, দেলোয়ার হোসেন দিলু, ইমরান মোল্লা, আমির হোসেন, সোহেল সরদার, সুবাহান, তাইজুল, রফিক, আব্দুল জলিল, মনোয়ার হোসেন, সাইফুল ও সেলিমসহ আরও অনেকে। ইউনিয়নের সর্বস্তরের জনগণ এ ধরনের সামাজিক ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ