প্রিন্ট এর তারিখঃ Oct 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ 24 October 2026, 06:46 ইং
এনসিপির সহ-মানবাধিকার সম্পাদক হলেন যশোরের খালেদ সাইফুল্লাহ জুয়েল

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে সহ-মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যশোরের সন্তান খালেদ সাইফুল্লাহ জুয়েল।
শুক্রবার (২৩ অক্টোবর, ২০২৬) দলটির ১৯৫ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত এ তালিকায় সহ-মানবাধিকার সম্পাদক পদে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর আগে এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটিতে তিনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক সক্রিয় নেতৃত্বের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে বিশেষ পরিচিতি লাভ করেন এই তরুণ নেতা। পরবর্তীতে এনসিপি প্রতিষ্ঠার পর কেন্দ্রীয় নির্দেশে যশোর জেলায় দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
খালেদ সাইফুল্লাহ জুয়েল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ছাত্রজীবনের শুরু থেকেই তিনি সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন পত্রিকা সম্পাদনা ও মানবাধিকার ইস্যুতে নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপির পক্ষ থেকে যশোর আসনে তাঁকে প্রার্থী ঘোষণা করা হলেও পরবর্তীতে ১১ দলীয় জোটের চূড়ান্ত তালিকায় তিনি স্থান পাননি। তবে কেন্দ্রীয় রাজনীতিতে নতুন এ দায়িত্ব প্রাপ্তির খবরে স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ