প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ 04 November 2026, 16:46 ইং
যশোরে আলাদা অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল ও চৌগাছায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের আলাদা অভিযানে এক কেজি গাঁজা ও ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ও রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল আজাদের নেতৃত্বে একটি দল বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর গ্রামে অভিযান চালায়। এ সময় কবির হোসেনের বসতবাড়ির সামনে পাকা রাস্তা থেকে সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক সাখাওয়াত হোসেন যশোরের শার্শা থানার শার্শা গ্রামের শাহাদত হোসেন ছেলে।
অপরদিকে, মঙ্গলবার রাতে চৌগাছা থানা পুলিশের এসআই বেলাল হোসেনের নেতৃত্বে বর্ণি গ্রামে অভিযান চালানো হয়। বর্ণি চৌরাস্তা থেকে বর্ণি ক্যাম্পগামী সড়কের দাখিল মাদ্রাসার সামনে থেকে ডাবলু রহমান নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ডাবলু রহমান চৌগাছা উপজেলার বর্ণি গ্রামের ময়রাপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে।
আলাদা অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দিয়ে স্বস্ব থানায় সোপর্দ করা হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ