প্রিন্ট এর তারিখঃ Nov 16, 2026 ইং || প্রকাশের তারিখঃ 15 November 2026, 08:07 ইং
যশোরে ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার অভিযানে জেলা বিএনপির সংহতি

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত ভৈরব নদের কচুরিপানা পরিষ্কারের মহতী উদ্যোগে সংহতি প্রকাশ করেছে জেলা বিএনপি। ডা. সাদিয়া মনোয়ারা ঊষার নেতৃত্বে পরিচালিত এই পরিচ্ছন্নতা কার্যক্রম রোববার (১৫ নভেম্বর) সকালে সশরীরে পরিদর্শন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নির্দেশেই তিনি ডা. ঊষার এই উদ্যোগ পরিদর্শনে এসেছেন। এ সময় তিনি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে পরিচ্ছন্নতা এই কার্যক্রমে সব ধরনের সহযোগিতার জোরালো আশ্বাস দেন।
ভৈরব নদকে ঘিরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের একটি সুদূর প্রসারী মহাপরিকল্পনা (মাস্টার প্ল্যান) রয়েছে বলে উল্লেখ করে দেলোয়ার হোসেন খোকন বলেন, নদটিকে দখল ও দূষণের কবল থেকে মুক্ত করে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনাই এই পরিকল্পনার মূল লক্ষ্য। এছাড়া শহরের দীর্ঘদিনের তীব্র যানজট নিরসনে ভৈরব নদের ওপর গরীব শাহ’র মাজারের পাশ থেকে নতুন সেতু নির্মাণ, কাঠেরপুল সেতুর প্রশস্তকরণ এবং বিদ্যমান সেতুটি পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে সরকারের উচ্চপর্যায়ে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত তাঁর এই যুগান্তকারী পরিকল্পনার বিষয়টি তুলে ধরেছেন বলেও জানান তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, জেলা মহিলা দলের নেত্রী সিমি রেজা এবং জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহনেওয়াজ ইমরান প্রমুখ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ