প্রিন্ট এর তারিখঃ Nov 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ 17 November 2026, 07:47 ইং
অসুস্থ মাছ ব্যবসায়ী তানভীরকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিবেদক :
রাজনীতির সঙ্গে বিন্দুমাত্র সম্পৃক্ততা না থাকলেও এবং গুরুতর অসুস্থ হয়ে ঠিকমতো হাঁটাচলা করতে না পারলেও এক মাছ ব্যবসায়ীকে ককটেল বিস্ফোরণ মামলায় আসামি করে হয়রানি করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রেসক্লাব যশোরের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়ে এই অভিযোগ করেন অভিযুক্ত মাছ ব্যবসায়ী জহিরুল ইসলাম তানভীরের স্ত্রী মোছা. রানি বেগম।
লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের বাড়ি যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকায়। চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে ছোট পরিসরে মাছ বিক্রি করে কোনোমতে তাদের সংসার চলে। কিন্তু গত ২০২৫ সালের ৫ আগস্টের পর থেকেই তার স্বামীকে বিনা কারণে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। সর্বশেষ গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে সংঘটিত ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তার স্বামী তানভীরকে আসামি করা হয়েছে।
রানি বেগম আরও জানান, গত ১৪ অক্টোবর পুকুরপাড় দিয়ে হাঁটার সময় গর্তে পা পড়ে তার স্বামীর ডান হাঁটুর পেছনের পিসিএল লিগামেন্ট ছিঁড়ে যায়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। চিকিৎসকরা জানিয়েছেন, তার সুস্থতার জন্য প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন। কিন্তু মাছ ব্যবসার সামান্য আয়ে যেখানে সংসার চালানোই দায়, সেখানে এত টাকা জোগাড় করা অসম্ভব।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে এভাবে মিথ্যা মামলায় জড়ানোয় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে উল্লেখ করে তিনি বলেন, “যে মানুষটি গুরুতর অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন এবং ঠিকমতো হাঁটতেই পারেন না, তিনি কীভাবে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় অংশ নেবেন?”
সংবাদ সম্মেলনে তানভীরের পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলাগুলোর নিরপেক্ষ তদন্ত, ককটেল বিস্ফোরণ মামলায় তার প্রকৃত সম্পৃক্ততা যাচাই, তার চিকিৎসা নিশ্চিতকরণ এবং পরিবারের সামগ্রিক নিরাপত্তা দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে তানভীরের মা জেসমিন সুলতানা, চাচী রেখা বেগম, খালা ওহিদা বেগম ও লামিয়া সুলতানা উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বপ্নভূমি নিউজ