স্বপ্নভূমি ডেস্ক:
ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্য তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে এখনো নাটকীয়তার শেষ হয়নি। কংগ্রেসসহ স্থানীয় কয়েকটি দলের সমর্থন নিয়ে থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সরকার গঠন করার কথা থাকলে এখনো অনিশ্চয়তার অবসান হয়নি।
সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকার বিজয়কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাননি। তিনি বলেছেন, বিজয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি। ফলে শনিবার (০৯ মে) তার শপথ গ্রহণ হচ্ছে না।
শুক্রবার (০৮ মে) দুপুরে বিজয়ের সরকার গঠনের প্রচেষ্টাকে সমর্থন জানায় সিপিআই, সিপিএম ও স্থানীয় দল ভিসিকে। তিন দলই দুটি করে আসন জিতেছে। ফলে বিজয়ের পক্ষে ১১৮ জনের সমর্থন নিশ্চিত হয়।
এরপর সন্ধ্যায় বিজয় রাজ্যপালের কাছে গেলে ১১৮ জন বিধায়কের সমর্থনের প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে তাকে আবারও ফিরিয়ে দেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) থেকে নির্বাচিত দুই বিধায়কের একজনের সমর্থন পাচ্ছেন বিজয়। এ ছাড়া স্থানীয় আরেক দল আম্মা মক্কল মুনেত্রা কাজাগাম থেকে নির্বাচিত একজন বিধায়কেরও সমর্থন তার পক্ষে যাচ্ছে। কিন্তু বিজয় রাজ্যপালের কাছে যাওয়ার পর এই দুই দল থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে তারা থালাপতি বিজয়কে সমর্থন করছে না।
গত সোমবার বিধানসভা নির্বাচনের ফল ঘোষণায় তামিলনাড়ুতে সবচেয়ে বেশি আসন পায় তামিল চলচ্চিত্রের নায়ক থেকে রাজনীতিতে এসে চমক দেখানো থালাপতি বিজয়ের দল টিভিকে। তারা পায় ১০৮টি আসন। এর মধ্যে বিজয় নিজে লড়েছিলেন দুটি আসনে। ফলে দলের মোট বিধায়কসংখ্যা ১০৭। কিন্তু ২৩৪ আসনের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
সূত্র: এনডিটিভি
আপনার মতামত লিখুন :