• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বিশ্বসেরা দশ বোলারের তালিকায় মুস্তাফিজের উন্নতি


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারী ২০২৬, ১১:৩৩
ছবির ক্যাপশন: ad728

ক্রীড়া প্রতিবেদক :
গেল বছরে সাদা বলের ক্রিকেটে বল হাতে সময়টা দারুণ কাটিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। মাঠের সেই দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে বড় পুরস্কার পেলেন তিনি। টি-টোয়েন্টির সদ্য প্রকাশিত বোলিং র‍্যাঙ্কিংয়ে আরও এক ধাপ এগিয়েছেন এই ‘কাটার মাস্টার’।

আইসিসির সর্বশেষ হালনাগাদে দেখা গেছে, আগে থেকে সেরা দশে থাকা মুস্তাফিজুর রহমান আট নম্বর থেকে উঠে এসেছেন সপ্তম স্থানে। ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে বর্তমানে তিনি বাংলাদেশের বোলারদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন। গত এক বছরে নিয়মিত উইকেট শিকার এবং নিয়ন্ত্রিত বোলিং তাকে এই অবস্থানে পৌঁছাতে সাহায্য করেছে।

র‍্যাঙ্কিংয়ের নতুন এই তালিকায় বড় চমক দেখিয়েছেন আফগানিস্তানের মুজিব উর রহমান। পাঁচ ধাপের এক বিশাল লাফে তিনি নয় নম্বরে উঠে এসেছেন; তার বর্তমান রেটিং ৬৫৬। অন্যদিকে, পাকিস্তানের স্পিনার আবরার আহমেদ এক ধাপ এগিয়ে ৬৯১ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন পঞ্চম স্থানে। অস্ট্রেলিয়ার নাথান এলিসও এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন।

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি স্থানে কোনো পরিবর্তন আসেনি। ৭৮৭ রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি বোলার হিসেবে নিজের রাজত্ব ধরে রেখেছেন ভারতের বরুণ চক্রবর্তী। দুই নম্বরে রয়েছেন আফগান মহাতারকা রশিদ খান (৭৩৭ পয়েন্ট)। শ্রীলঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৭০২ পয়েন্ট নিয়ে তিনে এবং কিউই পেসার জ্যাকব ডাফি রয়েছেন চার নম্বরে।