• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

আশুলিয়ায় কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ও আগুন: নারীসহ নিহত ৬, আহত ১৪


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮
ছবির ক্যাপশন:

স্বপ্নভূমি ডেস্ক :
ঢাকার সাভারের আশুলিয়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার বাউন্ডারির ভেতরে কাভার্ডভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ অন্তত ছয় জন নিহত হয়েছেন এবং আরও ১৪ জন গুরুতর আহত হয়েছেন।

গত রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা সংলগ্ন 'প্রিটি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড' নামক পোশাক কারখানার ভেতরের চত্বরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় নিহত নারী জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুর এলাকার ইসরকান্দির মো. আলীর স্ত্রী। তিনি জামগড়া এলাকায় কারখানার গেটের সামনে দর্জির কাজ করতেন। তবে নিহত অন্য পাঁচ জনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সন্ধ্যায় কারখানার ভেতরের চত্বরে থাকা কাভার্ডভ্যানের গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের প্রকাণ্ড ধাক্কায় একটি সিলিন্ডার ছিটকে এসে পাশের একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জয়নব বেগমের ওপর গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি করুণভাবে মারা যান।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের পর কারখানার ভেতরে থাকা একটি লরির মধ্য থেকে দগ্ধ অবস্থায় পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানার গেটের সামনে দর্জির কাজ করার সময় সিলিন্ডার ছিটকে লেগে জয়নব বেগম নামে এক নারীর মৃত্যু হয়। এ ছাড়া ফায়ার সার্ভিস সদস্যরা ভেতর থেকে আরও পাঁচটি মরদেহ উদ্ধার করেছেন।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, লরির ভেতর থেকে উদ্ধৃত পাঁচ জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ভয়াবহ এই বিস্ফোরণ ও আগুনের প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।