গাজাগামী ‘ফ্লোটিলায়’ ইসরাইলি আগ্রাসন: বাংলাদেশসহ ৯ দেশের তীব্র নিন্দা
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬, ৬:০৯
আন্তর্জাতিক ডেস্ক:
গাজা উপত্যকার উদ্দেশে রওনা হওয়া মানবিক সহায়তা বহনকারী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে ইসরাইলি বাহিনী। ফ্লোটিলার বেসামরিক কর্মীদের এই আটকের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। দখলদারদের এমন আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে বাংলাদেশসহ নয়টি দেশ যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই যৌথ বিবৃতিটি প্রকাশ করা হয়। বিবৃতিতে নিন্দা জ্ঞাপনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, স্পেন, ব্রাজিল, কলম্বিয়া, লিবিয়া ও মালদ্বীপ।
জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো অত্যন্ত চিন্তিত। একই সঙ্গে বিবৃতিতে আটক হওয়া সব কর্মীকে অবিলম্বে ও নিঃশর্তে মুক্তি দেওয়ার জোর দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি মানবিক উদ্যোগের ওপর এ ধরনের বারবার হামলা আন্তর্জাতিক আইন এবং উন্মুক্ত নৌচলাচলের স্বাধীনতার প্রতি ইসরাইলের অব্যাহত অবজ্ঞারই বহিঃপ্রকাশ। এই পরিস্থিতিতে বিশ্বনেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
ফিলিস্তিনপন্থি আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, গাজা উপত্যকার অবরুদ্ধ মানুষের জন্য ত্রাণ নিয়ে রওনা হওয়া ৫০টিরও বেশি নৌকার এই বিশাল বহরটিকে সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় জলসীমায় আটকে দেয় দখলদার বাহিনী।
এদিকে ‘গ্লোবাল ফ্লিট কোয়ালিশন’ এক বিবৃতিতে অভিযোগ করেছে, গাজা উপকূল থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে ইসরাইলি কমান্ডোরা কোনো উসকানি ছাড়াই আকস্মিকভাবে এই নৌবহরে কমান্ডো অভিযান চালায় এবং কর্মীদের আটক করে।
সূত্র: আল-জাজিরা
আপনার মতামত লিখুন :