বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয় ও জিডিপির ৬ শতাংশ বরাদ্দের অঙ্গীকার জামায়াতের
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭
স্বপ্নভূমি ডেস্ক :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত ইশতেহারে শিক্ষাখাতকে আমূল বদলে দেওয়ার এক উচ্চাভিলাষী রূপরেখা তুলে ধরেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করা হয়। এতে ইডেন কলেজসহ ঢাকার তিনটি খ্যাতনামা নারী কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ইশতেহারে বলা হয়েছে, রাজধানীর ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি হোম ইকোনমিকস কলেজকে একীভূত করা হবে। এই তিন প্রতিষ্ঠানের সমন্বয়ে তৈরি করা হবে একটি বিশেষায়িত নারী বিশ্ববিদ্যালয়, যা হবে আয়তন ও শিক্ষার্থী সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম।
জামায়াত তাদের ইশতেহারে নৈতিকতা ও আধুনিকতার সমন্বয়ে শিক্ষা সংস্কারের প্রস্তাব করেছে:
- চার ধারার শিক্ষা: অষ্টম শ্রেণির পর থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে ইসলামিক, বিজ্ঞান, সাধারণ ও কারিগরি—এই চারটি পৃথক ধারায় বিভক্ত করা হবে।
- জিডিপির ৬ শতাংশ বরাদ্দ: শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে পর্যায়ক্রমে বাজেটে জিডিপির ৬ শতাংশ বরাদ্দের অঙ্গীকার করা হয়েছে।
- ভর্তি ফি প্রত্যাহার: সকল স্তরের ভর্তি পরীক্ষায় আবেদন ফি সম্পূর্ণ প্রত্যাহার করা হবে।
- মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন: ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি করা এবং প্রতি জেলায় একটি করে আলিয়া মাদ্রাসা সরকারিকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে দলীয় ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র-সংসদ ভিত্তিক রাজনীতি চালুর প্রস্তাব দিয়েছে দলটি। নিয়মিত ও স্বচ্ছ ছাত্র-সংসদ নির্বাচন বাধ্যতামূলক করার পাশাপাশি শিক্ষা প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
নারী শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে মাতৃত্বকালীন ছুটি ও ডে-কেয়ার সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এছাড়া উচ্চশিক্ষাকে চাকরিমুখী করতে বাধ্যতামূলক ইন্টার্নশিপ এবং শিক্ষার্থীদের জন্য ‘স্বাস্থ্য ফান্ড’ ও বিমা ব্যবস্থা চালুর পরিকল্পনাও ইশতেহারে স্থান পেয়েছে।
ঝরে পড়া রোধে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি, মেধাবীদের জন্য ‘কর্জে হাসানা’ (সুদমুক্ত ঋণ) এবং পথশিশুদের প্রাক-প্রাথমিক শিক্ষায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ার স্বপ্ন দেখিয়েছে জামায়াত।
আপনার মতামত লিখুন :