• ঢাকা
  • | বঙ্গাব্দ
Techogram

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও মুরগি আমদানিতে সৌদির নিষেধাজ্ঞা


FavIcon
শাহরিয়ার সীমান্ত
নিউজ প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৯
ছবির ক্যাপশন: ad728

আন্তর্জাতিক ডেস্ক 
জনস্বাস্থ্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশের মুরগি ও ডিম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এসএফডিএ)। একই সঙ্গে আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সতর্কতামূলক ব্যবস্থার কথা জানায়।

সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা এবং নিউ ক্যাসল রোগের বিস্তার রোধে আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে পোল্ট্রি পণ্যের মাধ্যমে এসব রোগ যেন সৌদি আরবের অভ্যন্তরীণ পোল্ট্রি শিল্প ও জনস্বাস্থ্যের ক্ষতি করতে না পারে, সেজন্যই এই কড়াকড়ি।

পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে প্রতিবেশী ভারত, নেপাল, আফগানিস্তান, মিয়ানমার ছাড়াও চীন, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, মিসর এবং মেক্সিকোর মতো দেশগুলো। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স এবং ফিলিপাইনের মতো ১৬টি দেশের নির্দিষ্ট কিছু এলাকা বা অঞ্চলের ওপর আংশিক বিধিনিষেধ কার্যকর থাকবে।

বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই নিষেধাজ্ঞা প্রধানত কাঁচা মুরগির মাংস ও ডিমের ওপর প্রযোজ্য। তবে যেসব মুরগির মাংস বা ডিম নির্দিষ্ট তাপমাত্রায় প্রক্রিয়াজাত (Processed) করা হয়েছে, সেগুলো আমদানিতে কোনো বাধা নেই। এছাড়া আমদানিকারক ও উৎপাদকরা যদি সৌদি আরবের অনুমোদিত কঠোর স্বাস্থ্য ও সুরক্ষা মানদণ্ড মেনে চলে, তবে বিশেষ বিবেচনায় ছাড় পাওয়ার সুযোগ থাকতে পারে।

সৌদি আরব তার ভিশন-২০৩০ এর আওতায় খাদ্য আমদানির ক্ষেত্রে গুণগত মানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এসএফডিএ জানিয়েছে, বিশ্বজুড়ে পোল্ট্রি রোগের প্রাদুর্ভাব পর্যবেক্ষণ করেই এই তালিকা হালনাগাদ করা হয়েছে। পরিস্থিতির উন্নতি হলে এবং আন্তর্জাতিক সংস্থাগুলো সংশ্লিষ্ট দেশগুলোকে রোগমুক্ত ঘোষণা করলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে।